মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় অপহরণ ও হামলার অভিযোগ, আহত মোঃ বদরুজ্জামান টিটো হাসপাতালে।
নেত্রকোনা জেলা প্রতিনিধি
মোঃ কামরুল হাসান।
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মোঃ বদরুজ্জামান টিটো নামে এক ব্যক্তিকে অপহরণ ও মারধরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে টিটো ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ করেন এবং ভিডিও ধারণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মাদক কারবারিরা তাকে একটি সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বারহাট্টা উপজেলার বাউসী রূপগঞ্জ বাজার এলাকার সুসং ডহরপাড়া গ্রামের মোঃ কাসেম আলীর ছেলে মোঃ রিপন মিয়া, সিএনজি চালক মোঃ সাফায়েত এবং মোঃ সুয়েল মিয়াসহ কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত।
ভুক্তভোগীর দাবি, অপহরণের পর তাকে মারধর করা হয় এবং মৃত ভেবে দশধার-আমবাড়ি সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর নগদ ২৫ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। ভুক্তভোগী অভিযুক্তদের শনাক্ত করেছেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।