নেত্রকোনায় জন্মদিন পালনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ।
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার সদর উপজেলায় জন্মদিন উদ্যাপনের কথা বলে ১৬ বছর বয়সী এক কলেজছাত্রীকে ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সাকিব নামে এক তরুণের বিরুদ্ধে। গত ২৬ অক্টোবর রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী ওই ছাত্রীর সঙ্গে সাকিবের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে জন্মদিন উদ্যাপনের কথা বলে তাঁকে একটি ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত সাকিব নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে অভিযুক্ত সাকিবের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।