কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট।
৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৬৭ রোগী,ফ্লোর-বারান্দায় চিকিৎসা; ১০০ শয্যায় উন্নীত করার দাবি।
গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। শনিবার (৪ জুলাই) সকাল ১০টার তথ্য অনুযায়ী হাসপাতালে ৬৭ জন রোগী ভর্তি রয়েছেন। শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেক রোগীকে হাসপাতালের ফ্লোর ও বারান্দায় অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীর সংখ্যা বাড়লেও শয্যা ও অবকাঠামোগত সুবিধা অপর্যাপ্ত থাকায় চিকিৎসাসেবা পরিচালনায় চাপ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে বারান্দায় পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় তীব্র গরমে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ আরও বেড়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, শয্যা না পেয়ে অনেককে মেঝে বা বারান্দায় থাকতে হচ্ছে। এতে অসুস্থ রোগীদের কষ্ট বাড়ছে এবং স্বাভাবিক চিকিৎসা পরিবেশও ব্যাহত হচ্ছে।
স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, কলমাকান্দা উপজেলার ক্রমবর্ধমান জনসংখ্যা ও চিকিৎসাসেবার চাহিদার কথা বিবেচনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা এবং একটি আধুনিক ও প্রশস্ত নতুন হাসপাতাল ভবন নির্মাণ করা জরুরি।
এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও অবকাঠামোর উন্নয়ন করা হলে রোগীরা আরও নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।