গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
গাজীপুর | ২৬ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের পূবাইল এলাকায় একটি রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা বিভাগ ও এসআরবির সদস্যরা।
শুক্রবার রাতে পূবাইল এলাকার ‘পূবাইল রিসোর্ট ক্লাব’-এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কোকেন, কুশ ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদ মনিরুজ্জামান (২৯), তুষার আহমেদ (৩২), মহিদুল ইসলাম (২৮) ও কাসফিয়া নিশাত (২৫)।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ‘সনিক প্লাস’ নামের ব্যানারে ওই ডিজে পার্টির আয়োজন করা হয়। এতে প্রায় ৬০০ জন অংশ নেওয়ার কথা ছিল। তাঁদের বড় একটি অংশ কিশোর-কিশোরী বলে জানা গেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কাছে মাদক সরবরাহের তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, গ্রেপ্তার চারজন ওই অনুষ্ঠানের আয়োজক হিসেবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা বিভাগের উপপরিচালক মেহেদী হাসান বলেন, প্রাথমিক অনুসন্ধানে কিছু বিনোদনমূলক পার্টি, ডিজে ইভেন্ট ও ব্যক্তিগত আয়োজনকে মাদক সরবরাহ ও সেবনের সুযোগ হিসেবে ব্যবহারের তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসব আয়োজনের প্রচার এবং মাদক সরবরাহের সম্ভাব্য নেটওয়ার্ক নিয়েও তদন্ত চলছে।
এদিকে, গাজীপুরের বিভিন্ন রিসোর্টে এ ধরনের আয়োজনের বিষয়ে সতর্কতা জারি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির গাজীপুরের উপপরিচালক এমদাদুল হক জানান, এ ধরনের আয়োজনের জন্য রিসোর্ট ভাড়া না দিতে জেলার রিসোর্ট মালিকদের লিখিতভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক সংশ্লিষ্ট এমন আয়োজনে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের টার্গেট করে এ ধরনের আয়োজনের প্রচারণা ও অংশগ্রহণের ব্যবস্থা করা হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।