কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা।
নেত্রকোনা জেলা প্রতিনিধি
মোঃ মারুফ হাসান।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হারিগাতী গ্রামে এক গৃহবধূর বিরুদ্ধে পরিকল্পিতভাবে স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, হারিগাতী গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী পারভিন আক্তার বেড়াতে যাওয়ার কথা বলে পরিবারের বিভিন্ন সদস্যের কাছ থেকে স্বর্ণালংকার নেন। এর মধ্যে শাশুড়ির কাছ থেকে প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন, ননদের কাছ থেকে চার আনা ওজনের হাতের বালা, চাচী শাশুড়ির কাছ থেকে আট আনা ওজনের চেইন, দেবরের স্ত্রীর কাছ থেকে চার আনা ওজনের স্বর্ণের চুড়ি এবং আরেক শাশুড়ির কাছ থেকে পাঁচ আনা ওজনের স্বর্ণের চেইন নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগকারীদের দাবি, এসব স্বর্ণালংকারের মোট বাজারমূল্য আনুমানিক সাড়ে ছয় লাখ টাকা। পাশাপাশি প্রবাসী স্বামীর পাঠানো অর্থও আত্মসাতের অভিযোগ রয়েছে।
তাদের আরও অভিযোগ, পারভিন আক্তার তার বাবা ও বোনজামাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে বিভিন্নজনের কাছ থেকে এসব স্বর্ণালংকার নেন এবং দ্রুত ফেরত দেওয়ার কথা বলেন। কিন্তু পরবর্তীতে প্রায় আড়াই মাস ধরে ‘দিচ্ছি, দেব’ বলে সময়ক্ষেপণ করা হচ্ছে।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে বলেও জানান অভিযোগকারীরা। সেখানে স্বর্ণালংকার ফেরত দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে তা বাস্তবায়ন হয়নি বলে তাদের দাবি।
অভিযোগকারীরা আরও বলেন, পাওনা স্বর্ণালংকার ও অর্থ ফেরত চাইতে গেলে তাদের উল্টো ভয়ভীতি ও মারধরের হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় বাধ্য হয়ে তারা আদালতের আশ্রয় নিয়েছেন।
তবে অভিযুক্তদের বিরুদ্ধে করা এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালতে মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের সিদ্ধান্তের বিষয়।
ভুক্তভোগীদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তারা যাতে ন্যায়বিচার পান, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।